বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে শপিংমল ও মার্কেট
দেশে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে শপিংমল, মার্কেট ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি সন্ধ্যা ৭টার পর থেকে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশনার পাশাপাশি সার্বিক আলোকসজ্জা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এই সম্পর্কিত একটি অফিসিয়াল নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার স্বাক্ষর করা এই নির্দেশনায় উল্লেখ করা হয়, ১২ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে। নির্দেশনানুযায়ী, শপিংমল ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহও রাত ৮টার মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
তবে জনসেবার বিষয়টি বিবেচনা করে হাসপাতাল, ওষুধের দোকান এবং খাবারের দোকানসমূহকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
এর আগে গত ১১ জুন থেকে শপিংমল ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নিয়ম বলবৎ ছিল। তারও আগে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতায় বিশ্বজুড়ে দেখা দেওয়া জ্বালানি সংকটের প্রভাবে ২ এপ্রিল মন্ত্রিসভায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা এবং ঈদুল আজহা উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











