কর্মস্থলে অনুপস্থিতির দায়ে বিপ্লব কুমারসহ আলোচিত ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আলোচিত ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার প্রদত্ত ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
আজ বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ছয়টি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন— কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানী এবং অপর কর্মকর্তা রাজন কুমার দাস বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক রয়েছেন।
অন্যদিকে, সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় আসা মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











