প্রযুক্তির দ্রুত বিবর্তনে তরুণরাই আগামীর সভ্যতার চালিকাশক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২ আগস্ট ২০২৬ - ১৪:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রযুক্তির দ্রুত বিবর্তনে তরুণরাই আগামীর সভ্যতার চালিকাশক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আন্তর্জাতিক যুব দিবস বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি সংগৃহীত

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এ যুগে নতুন সভ্যতার মূল চালিকাশক্তি হিসেবে তরুণ সমাজকেই দেখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন নতুন ইকোসিস্টেমের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথাগত জ্ঞান ও অভিজ্ঞতার সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেছেন, তরুণদের সঠিক দক্ষতা ও জ্ঞানে সমৃদ্ধ করা প্রতিটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

​বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

​প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত রূপান্তর একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে নতুন সব চ্যালেঞ্জও তৈরি করছে। প্রযুক্তির গতি এত দ্রুত যে আগামী দিনের পরিস্থিতি আগাম অনুমান করাও কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় নতুন ইকোসিস্টেমে দ্রুত মানিয়ে নেওয়ার স্বাভাবিক সক্ষমতা তরুণদের মধ্যেই সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি।

​সামাজিক ও বৈশ্বিক বিভিন্ন সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা কিংবা জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো চ্যালেঞ্জের পাশাপাশি এখন যোগ হয়েছে প্রযুক্তিভিত্তিক সংকট। তবে এসব নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রাতিষ্ঠানিক পরিকাঠামো বৈশ্বিকভাবে এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। তাই তরুণদের কেন্দ্র করে বিশ্বব্যাপী এ ধরনের জ্ঞান ও দক্ষতা রূপান্তর প্রক্রিয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে সরকারের পদক্ষেপ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তরুণ সমাজের প্রতি পূর্ণ আস্থা রেখে কাজ করে যাচ্ছে। খেলাধুলার উন্নয়ন, সৃজনশীলতার বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকারের সুদূরপ্রসারী বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

​অনুষ্ঠানে উভয় মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, যুব উদ্যোক্তা ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পেশার তরুণেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0