জনগণের অর্থনৈতিক ক্ষমতায়নেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রকে সামাজিকভাবে ও সামষ্টিক অর্থনীতিতে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষকে মৌলিক অভাব-অনটনে রেখে কিংবা বাকস্বাধীনতা হরণ করে কোনো রাষ্ট্র শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না। তাই রাজনৈতিক অধিকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল দুটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ প্রদান উপলক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
অনুষ্ঠানে দেশীয় উদ্যোক্তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী জানান, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করবে সরকার। এতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর উন্নতি ঘটবে। বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর পাশাপাশি দেশীয় শিল্পোদ্যোক্তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর নতুন বিনিয়োগের মাধ্যমে কলকারখানাগুলো লাভজনক হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিজেএমসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











