শেখ হাসিনাকে দ্রুত ফেরাতে ভারতের প্রতি ঢাকার ফের তাগিদ
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এদিন দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান প্রধানমন্ত্রী। জবাবে ভারতের হাইকমিশনারও বাংলাদেশে আসার পর থেকে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গটি উঠে আসে। এ বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে যেন দ্রুত বাংলাদেশে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়ে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে। ঢাকা আশা করছে, নয়াদিল্লি এই আহ্বানে ইতিবাচক সাড়া দেবে।
এ ছাড়া বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলার গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামিদের ফিরিয়ে আনা নিয়েও কথা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সরকার এসংক্রান্ত যেসব নথিপত্র চেয়েছিল, তা ইতোমধ্যে বাংলাদেশ তাদের সরবরাহ করেছে। সম্পর্ক এগিয়ে নিতে আসামিদের দ্রুত হস্তান্তর অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
একই সঙ্গে ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্যের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার বিভাগের রায় ও আদেশের প্রতি বিশ্ব দরবারের শ্রদ্ধা দেখানো উচিত। কোনো উপযুক্ত আদালত সাজা দিলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ কেবল আদালতেই থাকা বাঞ্ছনীয়। ঢাকার এসব উদ্বেগের বিষয়টি ভারত বুঝতে পেরেছে বলে বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে ব্রিকসের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের সময়সীমা বা সফরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি স্পষ্ট করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











