তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়: শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আইরিন খান

০৯ আগস্ট ২০২৬ - ১৭:৫১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়: শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আইরিন খান
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ তথ্য-প্রযুক্তি খাতে অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান। রোববার (৯ আগস্ট) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

​রাজধানীতে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জাতিসংঘের ধারাবাহিক সহায়তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আইরিন খান শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। জবাবে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও সামগ্রিক উন্নয়নে জাতিসংঘের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের বিপুল জনসংখ্যাকে সুদক্ষ জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষা খাতের সার্বিক সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সক্রিয় অংশীদারত্ব আহ্বান জানান তিনি।

​বৈঠকে আইরিন খান শিক্ষার উন্নয়নে তথ্য-প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তে সুনামের সাথে কাজ করছেন। সঠিক পরিচর্যা পেলে এ খাত দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0