রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

০৯ আগস্ট ২০২৬ - ১৪:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ
ছবি সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ১১ দলীয় জোট। রবিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।

​বৈঠক শেষে জোটের সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে তুলে ধরেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে অনুষ্ঠিত যৌথ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণের পাশাপাশি সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সমঝোতা ও জোটের পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এছাড়া বৈঠকে প্রার্থী হিসেবে মনোনীত এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ নিজে উপস্থিত ছিলেন। সভায় আরও অংশ নেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা।

​উল্লেখ্য, চট্টগ্রাম থেকে উঠে আসা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব কর্নেল (অব.) অলি আহমেদ ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য তাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিএনপি গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯১ সালে তিনি বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, যার মেয়াদে যমুনা বহুমুখী সেতুর নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘকাল রাজনীতি করার পর ২০০৬ সালে তিনি সাবেক রাষ্ট্রপতি এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে নতুন দল এলডিপি গঠন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0