ইউএনওদের আরও মানবিক ও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের সার্বিক কল্যাণে মাঠ প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) আরও দায়িত্বশীল ও মানবিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় দায়িত্বকে বড় আমানত হিসেবে স্মরণ করিয়ে দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ দেন।
শনিবার (৮ আগস্ট) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের বিভিন্ন উপজেলা থেকে আসা ইউএনওদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণ ও সরকারের মধ্যকার মূল সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করেন। কর্মকর্তা হিসেবে নিজ উপজেলার বাইরের মানুষকেও নিজের আপনজন মনে করে দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। শুধু আইন প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান না করে, মানুষকে বুঝিয়ে এবং জনসচেতনতা বাড়িয়ে এলাকার বিভিন্ন সমস্যা নিরসনে উদ্যোগী হতে ইউএনওদের আহ্বান জানান।
পরিবেশ রক্ষা এবং খেলাধুলার প্রসারে স্থানীয় প্রশাসনের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের বৃক্ষরোপণ উদ্যোগে সরকারি কর্মকর্তাদের উৎসাহ দিতে হবে। এ ছাড়া তরুণ সমাজকে শৃঙ্খলিত ও গঠনমূলক কাজে যুক্ত রাখতে শুধু জাতীয় দিবস নয়, বরং নিয়মিত স্থানীয় উদ্যোগে নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে বলেন তিনি।
সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, সামাজিক ও মানসিক চাপের কারণে দিন দিন মানুষের মধ্যে সহমর্মিতা হ্রাস পাচ্ছে। শুধু মানুষের প্রতি নয়, পশুপাখি ও প্রকৃতির প্রতিও দরদি হওয়ার বার্তা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে মানবিকতার বিষয়গুলো অন্তর্ভুক্তির কাজ চলছে বলে জানান তিনি।
সভায় খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে শেষ করে ৮৩টি উপজেলার ইউএনও রাষ্ট্রীয় কোষাগারে উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ায় তাদের বিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ইউএনওদের এই সততাকে অন্য সরকারি কর্মকর্তাদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি। পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এতে ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা পাবে এবং কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
উক্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, ড. নাসিমুল গণি, মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











