বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট কাটাতে সরকারের সর্বাত্মক চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি খাতের বর্তমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিগত দিনের অপরিকল্পিত সিদ্ধান্তের খেসারত হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এই সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তবে বিভিন্ন সংকট কাটিয়ে উঠে জনগণকে এই পরিস্থিতি থেকে ধীরে ধীরে মুক্ত করতে এরই মধ্যে প্রয়োজনীয় নানা পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো সক্রিয় রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সতর্ক করে দেন। তিনি বলেন, এই চক্র কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে দেশের মানুষকে সংকট মুক্ত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরবর্তীতে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
পবিত্র কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে সারাদেশ থেকে ড্যাবের কর্মী ও চিকিৎসকেরা অংশ নেন। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











