সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার
বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
তিনি জানান, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ প্রথমে ডন হককে আটক করে। পরবর্তীতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি প্রতিনিধি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে বহুল আলোচিত এই মামলার তদন্ত কার্যক্রম সিআইডির অধীনে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালত ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। ঢাকা মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ জারি করেছিলেন।
এর আগে একাধিক তদন্তকারী সংস্থার পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল। তবে শুরু থেকেই সালমান শাহর পরিবার ও ভক্ত-অনুরাগীরা এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছিলেন।
পরবর্তীতে গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। ডনের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাটির তদন্তে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











