শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে সিজেপির আলটিমেটাম

২৪ জুলাই ২০২৬ - ১৭:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে সিজেপির আলটিমেটাম
জিতেন্দ্র সিংহের হাতে নিজেদের দাবিপত্র তুলে দিলেন সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। ছবি: পিটিআই। সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারী রাজনৈতিক দল 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)। পরীক্ষায় প্রশ্নফাঁস ও নানা অনিয়মের প্রতিবাদে চলা আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার সরকারের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় তারা।

​রাজধানী নয়া দিল্লির ভিঠলভাই প্যাটেল হাউসে সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ এই বৈঠকটি আয়োজিত হয়। আলোচনায় সরকারের পক্ষে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির পক্ষে প্রতিনিধিদলে ছিলেন জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দুই পক্ষের মধ্যে এটি ছিল তৃতীয় দফার বৈঠক।

​বৈঠক শেষে আন্দোলনকারী প্রতিনিধিরা জানান, পরীক্ষায় অনিয়মের কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর থেকে মামলা (এফআইআর) প্রত্যাহারে নীতিগত সম্মতি প্রকাশ করেছে সরকার। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবি থেকে কোনোভাবেই সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।

​সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সিদ্ধান্তটি 'আপসহীন'। তিনি আরও জানান, শনিবার বেলা ২টার মধ্যে সরকারকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। ততক্ষণ পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি স্থগিত রাখতে সম্মত হয়েছেন আন্দোলনকারীরা।

​দলের অন্য মুখপাত্র আশুতোষ রাঙ্কা হুঁশিয়ারি দিয়ে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার এই দাবি না মানলে পুরো দেশজুড়ে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।

​অন্যদিকে বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা জানান, আন্দোলনকারীদের তোলা বিষয়গুলো নিয়ে অভ্যন্তরীণ আলোচনার পর শনিবার সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে সরকার আবারও বৈঠকে বসবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0