নিট প্রশ্নফাঁস: সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গ, তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল আন্দোলনকারীরা
ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট)-এর প্রশ্নফাঁস ও নানা অনিয়মের প্রতিবাদে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন ভাঙলেও দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের রূপরেখা নির্ধারণকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) স্পষ্ট জানিয়েছে, দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতের দুই কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং গুরগাঁওয়ের মেডান্টা হাসপাতালে গিয়ে সরকারি সিদ্ধান্ত ও আশ্বাসবাণী পৌঁছে দিলে সোনম ওয়াংচুক অনশন শেষ করেন। লেহ অ্যাপেক্স বডির সহ-সমন্বয়ক চেরিং দর্জে লাখরুক জানান, সহিংসতায় যুক্ত ছিলেন না এমন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের লিখিত প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাশাপাশি, উদ্ভূত পরিস্থিতিতে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবি মেনে শুক্রবার ভারতের কনস্টিটিউশন ক্লাবে নিরপেক্ষ ভেন্যুতে সরকারের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে।
এদিকে, মধ্যরাতে এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নফাঁসের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে এবং আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি নতুন বিল সংসদে পেশ করা হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণাও দেন তিনি। শিক্ষা প্রশাসনে রদবদলের অংশ হিসেবে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করে নরেশ পাল গাঙ্গোয়ারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং টি কে অনিল কুমারকে স্কুলশিক্ষা সচিব করা হয়েছে। ইতোমধ্যে দিল্লি হাইকোর্টও অনিয়মের মামলার জন্য বিশেষ আদালত নির্ধারণ করেছে।
তবে সিজেপি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, মূল দায় এড়াতে পারছেন না শিক্ষামন্ত্রী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদি সরকারের শিক্ষা নীতি ও শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের তীব্র সমালোচনা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কঠোর আইন বা প্রশাসনিক রদবদল নয়, শিক্ষামন্ত্রীর সরাসরি জবাবদিহি ও পদত্যাগ ছাড়া যন্তর মন্তরের আন্দোলন থামবে না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











