জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া, টোকিওর নজরদারি
জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে চীনের একটি নৌযান। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
জাপানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির ইইজেড সীমানার ভেতরে চীনের সরাসরি গোলাবর্ষণ (লাইভ-ফায়ার) মহড়া চালিয়ে তা শনাক্ত ও জনসমক্ষে প্রকাশের ঘটনা টোকিওর জন্য এটাই প্রথম।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের সর্বদক্ষিণের এলাকা ওকিনোটোরি দ্বীপ থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চীনা নৌবাহিনীর 'লুয়াং-৩' শ্রেণির একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজকে সরাসরি গোলাবারুদসহ মহড়ায় অংশ নিতে দেখা যায়।
এর আগে একই দিন রাত ২টার দিকে ওই দ্বীপের প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চারটি যুদ্ধজাহাজের একটি বহর শনাক্ত করে জাপানি কর্তৃপক্ষ। বহরটিতে তিনটি চীনা জাহাজের পাশাপাশি রুশ নৌবাহিনীর একটি ফ্রিগেট ছিল, যা উত্তর-পূর্ব অভিমুখে অগ্রসর হচ্ছিল। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, চীন যখন লাইভ-ফায়ার মহড়া চালাচ্ছিল, তখন রুশ ফ্রিগেটটিও নিকটবর্তী অবস্থানেই ছিল।
এই ঘটনার পর অঞ্চলটির নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে অবিলম্বে একটি ডেস্ট্রয়ার জাহাজ মোতায়েন করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











