কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলার দাবি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা মারাত্মক আকার ধারণ করেছে। হরমুজ প্রণালির আশপাশের অঞ্চলে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকা সিরিক, বন্দর আব্বাস, বন্দর লেঙ্গেহ, কেশম দ্বীপ, চাবাহার, কোনারাক ও শিরাজে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসমৃদ্ধ বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
এরই মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা নিশানা করে চলমান অভিযানের অংশ হিসেবে তারা কুয়েতের ‘ক্যাম্প আরিফজান’-এ থাকা যুক্তরাষ্ট্রের হাইমার্স (HIMARS) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাম্প্রতিক হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানকে জবাবদিহি করতে হবে। প্রেসিডেন্টের নির্দেশ বহাল থাকা পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে। তবে সামরিক তৎপরতার মধ্যেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাকচ্যানেল কূটনৈতিক যোগাযোগ চালু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সেনাদের মৃত্যুর প্রতিশোধে মার্কিন সামরিক বাহিনী ইরানের যেকোনো লক্ষ্যবস্তুতে ২০ গুণ শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত।
আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় নৌপথে বিস্ফোরণের পর দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। মার্কিন হামলা বন্ধ না হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার হুমকি দিয়ে তারা জানিয়েছে, এই পথে তেল, গ্যাস কিংবা রাসায়নিক সার পরিবহন করতে দেওয়া হবে না।
পাশাপাশি বাহরাইনের মুহাররাকে থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার ও আল-রিফা এলাকার একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি। কুয়েতে মার্কিন দীর্ঘপাল্লার রাডার, টেলিযোগাযোগ কেন্দ্র এবং আলি আল সালেম বিমানঘাঁটির একটি এমকিউ-৯ ড্রোন হ্যাঙ্গারে হামলা চালিয়ে ড্রোন ক্ষতিগ্রস্ত করার দাবিও এনেছে তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











