২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১

০৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৮:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭১
ছবি সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন নতুন রোগী।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন ৯ জনের প্রাণহানির মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৯৪ জনে। এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

​হাসপাতালে ভর্তির আঞ্চলিক হিসাব

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৯ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৩ জন রয়েছেন। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৫ জন।

​বিভাগীয় তথ্যে দেখা যায়, খুলনায় সর্বোচ্চ ২৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

​১২ সেপ্টেম্বর থেকে ৩ মাসের বিশেষ কর্মসূচি

এদিকে ডেঙ্গুর প্রকোপ সামাল দিতে আগামী তিন মাসকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।

​মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধসংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল মশকনিধন ওষুধের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাঠপর্যায়ে এ কার্যক্রম সফল করতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজের আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0