ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন বাংলাদেশের রুবাইয়াত হোসেন
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সাফল্য বয়ে এনেছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্বখ্যাত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাধীন সমালোচকদের সংগঠন থেকে দেওয়া ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ (ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস) অর্জন করেছে ছবিটি। এর মাধ্যমে মর্যাদাপূর্ণ এই বিভাগে সেরা পরিচালকের সম্মাননা জয় করে নিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন।
বাংলাদেশ সময় শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রতিনিধির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন রুবাইয়াত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির অন্যতম অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বজুড়ে জমা পড়া বিপুলসংখ্যক চলচ্চিত্রের মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভেনিস উৎসবের অফিশিয়াল 'অরিজন্তি' বিভাগে জায়গা করে নেয় ছবিটি। প্রথম কোনো বাংলাদেশি ফিচার ফিল্ম হিসেবে উৎসবটির অফিশিয়াল শাখায় স্থান পাওয়ার পর গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে বিশ্বখ্যাত সিনেমা সমালোচক ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছবিটি প্রশংসা কুড়ায়।
গত ২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে শুরু হওয়া ৮৩তম আসরটির পর্দা নামছে শনিবার (১২ সেপ্টেম্বর)। সমাপনী দিনে মূল ধারার আনুষ্ঠানিক সম্মাননা ঘোষণার ঠিক আগেই রুবাইয়াতের হাতে এই বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি পৌঁছাল।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। বিশেষ অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমু। ভেনিস জয়ের পাশাপাশি সিনেমাটি ইতিমধ্যে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











