সালমান শাহ হত্যা মামলা: চিত্রনায়ক ডনের জামিন আবেদন নামঞ্জুর
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।
আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল)। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। দুই পক্ষের যুক্তি ও শুনানির পর আদালত আসামি ডনের জামিন নামঞ্জুর করার সিদ্ধান্ত দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে সিআইডি। তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। সালমান শাহ হত্যা মামলার প্রেক্ষাপটে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি অবহিত করলে সিআইডি তাঁকে হেফাজতে নেয়। পরে একই দিন বিকেলে সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন আবেদনে আসামিপক্ষের কৌঁসুলি দাবি করেন, আশরাফুল হক ডন দেশের চলচ্চিত্র অঙ্গনের একজন পরিচিত ও জনপ্রিয় অভিনেতা। তিনি এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না এবং ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার জন্য তাঁকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এজাহার ও গ্রেফতারি ফরওয়ার্ডিংয়ে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও জামিন আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসভবন থেকে চিত্রনায়ক সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। প্রথমদিকে এটিকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীকালে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলার অন্যতম আসামি হলেন অভিনেতা ডন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











