দেশের বাজারে আবার বাড়লো সোনার দাম, ভরিতে বাড়লো ২১৫৮ টাকা
দেশের বাজারে সোনার গহনার দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে গ্রাহকদের এখন গুণতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারাদেশে এই নতুন মূল্য কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
উল্লেখ্য, গতকাল ১৪ আগস্ট ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ঠিক সমপরিমাণ টাকা বৃদ্ধি করলো বাজুস। ১৫ আগস্ট সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের হ্রাসকৃত দাম কার্যকর ছিল।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম আগের মতোই ৫ হাজার ৭৪ টাকা রয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











