টানা তিন দফায় বাড়ার পর স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো ২১৫৮ টাকা
দেশের বাজারে টানা তিন দফা বাড়ার পর অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা (ভ্যাটসহ)।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন এই নির্ধারিত মূল্য আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন ক্যারেটের নতুন দর
নতুন মূল্যানুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৯৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি স্পষ্ট করেছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে। তবে জুয়েলারি প্রতিষ্ঠানের অলঙ্কারের ডিজাইন ভেদে মজুরি অতিরিক্ত যুক্ত হতে পারে। মূল বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট আদায় করা যাবে না। অন্যদিকে গহনা পরিবর্তন বা বিক্রয়ের (এক্সচেঞ্জ ও পারচেজ) ক্ষেত্রে বাজুসের আগের নির্ধারিত নীতিমালা বহাল থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ১ হাজার ১৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা করা হয়েছিল। চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ১০৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—যার মধ্যে ৫১ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











