বাংলা কিউআর লেনদেনে মিলবে মাসিক প্রণোদনা, নতুন সার্কুলার জারি করল বাংলাদেশ ব্যাংক

১০ আগস্ট ২০২৬ - ২০:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলা কিউআর লেনদেনে মিলবে মাসিক প্রণোদনা, নতুন সার্কুলার জারি করল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেন উৎসাহিত করা ও দেশের পরিশোধব্যবস্থাকে আরও সাশ্রয়ী করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে 'বাংলা কিউআর' ভিত্তিক লেনদেনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীরা মাসিক ভিত্তিতে প্রণোদনা পাবেন। ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর ভিত্তিক এনপিএসবি (ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ) লেনদেনের ওপর এই সুবিধা দেওয়া হবে।

​সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এক সার্কুলারের মাধ্যমে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরের প্রধান নির্বাহীদের বিষয়টি অবহিত করেছে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হতে যাচ্ছে।

​সার্কুলার অনুযায়ী, প্রণোদনা হিসেবে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান লেনদেনের পরিমাণের ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ সুবিধা পাবে। অর্থাৎ যৌথভাবে মোট ০.৩০ শতাংশ প্রণোদনা দেওয়া হবে।

​তবে এই প্রণোদনার জন্য বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, সুবিধার অসদ্ব্যবহার করতে একটি লেনদেনকে ভেঙে কয়েকটি ছোট লেনদেনে রূপান্তর করা (Transaction Structuring) যাবে না। এছাড়া যেসব লেনদেন বাতিল, চার্জব্যাক, বা বিরোধপূর্ণ (disputed) হিসেবে চিহ্নিত হবে, সেগুলোর বিপরীতে কোনো প্রণোদনা মিলবে না। প্রয়োজনে লেনদেনের নথি বা তথ্য পরীক্ষা করার অধিকার বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করবে এবং কোনো ধরনের অসদুপায় প্রমাণিত হলে অর্থ ফেরত নেওয়া বা পরবর্তীতে তা সমন্বয়ের ক্ষমতা ব্যাংকের থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0