ভারতকে হারিয়ে লিজেন্ডস লিগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রথম জয়

১২ অক্টোবর ২০২৬ - ২৩:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভারতকে হারিয়ে লিজেন্ডস লিগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রথম জয়
ছবি সংগৃহীত

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে ভারত চ্যাম্পিয়ন্সকে ৩ রানে হারিয়ে লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। অল্প পুঁজি নিয়ে লড়াই করে বোলারদের দারুণ পারফরম্যান্সে ম্যাচটি জিতে নেয় তারা। দলের এই জয়ে বল হাতে মূল ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ১২ রানে ৪ উইকেট শিকার করে ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামান তিনি।

​ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণে পড়ে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ভালো শুরুর আভাস মিললেও তা দীর্ঘ হয়নি। দলীয় ৩০ রানের মাথায় ৬ বলে ১০ রান করে বিদায় নেন ওপেনার ইমরুল কায়েস। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দলটি।

​তবে অন্য প্রান্ত সামলে রেখে ব্যাট চালান আরেক ওপেনার রনি তালুকদার। ২৫ বলে ৪০ রানের একটি চড়াও ইনিংস খেলে দলের স্কোরে গতি আনেন তিনি। পরবর্তীতে মধ্য ও শেষভাগে নাসির হোসেনের ২১ বলে ২৪ এবং আরাফাত সানির ব্যাটে আসা গুরুত্বপূর্ণ ৩৭ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান তোলে বাংলাদেশ। ভারতের হয়ে পীয়ূষ চাওলা ২৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

​জবাব দিতে নেমে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে যুবরাজ সিংয়ের ভারত চ্যাম্পিয়ন্স। সফরকারীদের বোলিং তোপে দলীয় ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি। ঋষি ধাওয়ান ১৮ বলে ২৪ রান করে প্রাথমিক ধাক্কা সামলানোর চেষ্টা চালান। শেষ মুহূর্তে পবন নেগি ও পীয়ূষ চাওলা দ্রুত গতিতে রান তুলে জয়ের আবহ তৈরি করলেও শেষ রক্ষা হয়নি।

​বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছাতে মূল কাণ্ডারির ভূমিকা পালন করেন এনামুল হক জুনিয়র। ৩ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া পেসার আবু জায়েদ রাহী পান ২ উইকেট। নিয়ন্ত্রিত বোলিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ৩ রানের স্নায়ুচাপের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0