মেলবোর্ন রেনেগেডস বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে ডেভিড বুন

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৮:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেলবোর্ন রেনেগেডস বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে ডেভিড বুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন মাইক বেয়ার্ড। বিগ ব্যাশ লিগের (বিবিএল) জনপ্রিয় দল মেলবোর্ন রেনেগেডসের মালিকানা বেসরকারীকরণের উদ্যোগ ঘিরে তুমুল বিতর্ক ও বিরোধিতার জেরে সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

​নিউ সাউথ ওয়েলসের সমর্থন প্রত্যাহার

সংকটে থাকা মেলবোর্ন রেনেগেডস ফ্র্যাঞ্চাইজির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া এগিয়ে নিলে বেয়ার্ডের বিরুদ্ধে সমালোচনা তীব্র হয়। একপর্যায়ে তাঁর প্রতি দেওয়া সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় ক্রিকেট নিউ সাউথ ওয়েলস।

​উদ্ভূত পরিস্থিতিতে এক বিবৃতিতে মাইক বেয়ার্ড জানান, "অনেক ভেবেচিন্তে আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড অস্ট্রেলিয়ান ক্রিকেটকে ভালোভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছে।" আগামী অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নেবেন।

​অন্তর্বর্তী চেয়ারম্যান ডেভিড বুন

বেয়ার্ডের বিদায় ঘোষণার পরপরই অন্তর্বর্তীকালীন উত্তরসূরি হিসেবে সাবেক অস্ট্রেলীয় টেস্ট ওপেনার ডেভিড বুনকে নিয়োগ দিয়েছে সংস্থাটি। নতুন এই গুরুদায়িত্ব পাওয়ার পর বুন বলেন, "ক্রিকেটের জন্য অত্যন্ত রোমাঞ্চকর এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া আমার জন্য বিশাল সম্মানের।" খেলোয়াড়ি জীবন ইতি টানার পর বুন অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচক এবং রাজ্য পর্যায়ের ক্রিকেট প্রশাসক হিসেবে সফলভাবে কাজ করেছেন।

​বিবিএল বেসরকারীকরণ ঘিরে জটিলতা

অস্ট্রেলীয় ক্রিকেটের আর্থিক ভিত আরও সুদৃঢ় করতে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে বেসরকারি বিনিয়োগ টানার চেষ্টা চালাচ্ছে বোর্ড। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর বেসরকারীকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই দেশটির ক্রিকেট অঙ্গনে মতভেদ চলছে। চলতি বছরের শুরুতে বিবিএলের আটটি দলের অংশীদারিত্ব বিক্রির একটি প্রাথমিক উদ্যোগ থেমে যায়। স্থানীয় ক্রিকেট সংগঠকদের হাতে টুর্নামেন্টের নিয়ন্ত্রণ কমে যাওয়ার আশঙ্কাই এই স্থবিরতার মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0