চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী: চূড়ান্ত প্রস্তুতি বেইজিংয়ে
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম মহাকাশচারী প্রেরণের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে পাকিস্তান। এই অভিযানের জন্য ইতিমধ্যে দেশটির দুই সামরিক পাইলট জিশান আলী ও খুররাম দাউদকে বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কয়েক মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখানে তাদের মহাকাশযাত্রার সময় শারীরিক চাপ সামলানো, মহাকাশযান পরিচালনা, চীনা ভাষা শেখা এবং ওজনহীন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল শেখানো হচ্ছে।
কঠোর বাছাইপ্রক্রিয়া ও চূড়ান্ত নির্বাচন
প্রায় ২০ জন অভিজ্ঞ প্রার্থীর মধ্য থেকে শারীরিক সক্ষমতা, মানসিক প্রস্তুতি এবং উচ্চগতির বিমান চালানোর দক্ষতার ওপর ভিত্তি করে এই দুই পাইলটকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকোর (SUPARCO) কর্মকর্তা উজাইর আনসারী। ২০১৯ সালে পাকিস্তান ও চীনের মধ্যে শুরু হওয়া যৌথ মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।
সুপারকোর অপর কর্মকর্তা আমের গিলানি জানান, আগামী অক্টোবরে এই দুই পাইলটের মধ্য থেকে একজনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হতে পারে। নির্বাচিত নভোচারী বেইজিংয়ে প্রশিক্ষণ সম্পন্ন করে সেখান থেকেই সরাসরি মহাকাশ অভিযানে অংশ নেবেন এবং মিশন শেষে কিছুদিন বিশ্রামের পর দেশে ফিরবেন।
মহাকাশে গবেষণার মূল দায়িত্ব
অভিযানে পাকিস্তানের এই নভোচারী মূল চালকের ভূমিকা পালনের বদলে ‘পেলোড স্পেশালিস্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ, তার প্রধান কাজ হবে মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ৩০০টির বেশি প্রস্তাবনার মধ্য থেকে চীনের কারিগরি দল চারটি গুরুত্বপূর্ণ গবেষণাকাজ অনুমোদন করেছে। মূলত বায়োটেকনোলজি সংক্রান্ত এসব গবেষণা ভবিষ্যতে খাদ্যসংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে সাহায্য করবে।
মহাকাশ কূটনীতিতে নতুন মাইলফলক
তিয়াংগং মহাকাশ স্টেশনের তিনটি প্রধান অংশ—তিয়ানহে, ওয়েনতিয়ান ও মেংতিয়ান-এর সম্মিলিত ওজন প্রায় ৭৭ টন। সেখানে এখন পর্যন্ত ১৮০টির বেশি গবেষণার মাধ্যমে ৫০০টির বেশি গবেষণাপত্র ও ১৫০টি পেটেন্ট তৈরি হয়েছে। এই অভিযান সফল হলে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নাগরিক মহাকাশে যাওয়ার গৌরব অর্জন করবেন। এর পাশাপাশি ২০ ২৮ সালে চীনের চ্যাং’ই-৮ চন্দ্রাভিযানে একটি পাকিস্তানি রোভার পাঠানোর পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











