৯৯তম অস্কারের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

২৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৮:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
৯৯তম অস্কারের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’
ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের অফিশিয়াল এন্ট্রি হিসেবে স্থান করে নিয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’।

​রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’র চেয়ারম্যান এবং বিএফএফএস সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম চূড়ান্ত মনোনীত সিনেমাটির নাম প্রকাশ করেন।

​পাঁচটি চলচ্চিত্রের লড়াই

চলতি বছরের ১৬ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে ৯৯তম অস্কারে অংশ নিতে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। এগুলো হলো— মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

​পরবর্তী সময়ে পরিচালক নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করা হয়। বাকি চারটি চলচ্চিত্র সিলেকশন কমিটির সদস্যদের নিবিড় পর্যবেক্ষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে পর্যালোচনা করা হয়, যার মধ্যে শেষ পর্যন্ত ‘রইদ’কে অস্কারের জন্য নির্বাচন করা হয়।

​কমিটির শুভেচ্ছা ও আশাবাদ

ড. জহিরুল ইসলাম কচির সভাপতিত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে সদস্য হিসেবে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি।

​মনোনয়ন ঘোষণার পর কমিটির পক্ষ থেকে বিজয়ী চলচ্চিত্রের পরিচালক, প্রযোজকসহ সব কলাকুশলীকে অভিনন্দন জানানো হয়। আন্তর্জাতিক অঙ্গনে চলচ্চিত্রটি বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও চলচ্চিত্র খাতের শক্তিশালী প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কমিটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0