যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড় নরইস্টার: বন্যা ও জরুরি অবস্থা

২৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড় নরইস্টার: বন্যা ও জরুরি অবস্থা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় 'নরইস্টার'। এর প্রভাবে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

​বিদ্যুৎহীন হাজারো পরিবার, বিঘ্নিত আকাশপথ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ঝড়ের তাণ্ডবে শনিবার বিকেল পর্যন্ত ৮৮ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। দিনের শুরুতে এই সংখ্যা পৌঁছেছিল প্রায় ১ লাখ ১৯ হাজারে।

​এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম 'ফ্লাইটঅ্যাওয়ার'-এর তথ্য অনুযায়ী, ঝড়ের জেরে চার শতাধিক (৪২৫টি) ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১ হাজার ৩৩৮টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

​আরও কয়েক দিন দুর্যোগের পূর্বাভাস

মেরিল্যান্ডের কলেজ পার্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবের প্রধান পূর্বাভাসদাতা বব ওরাভেক জানান, শরৎ মৌসুমের শুরুতে নিউ ইংল্যান্ড অঞ্চলে এ ধরনের ঝড় অস্বাভাবিক নয়। তবে এবার স্বাভাবিক সময়ের কিছুটা আগেই ঝড়টি আঘাত হেনেছে। আগামী আরও কয়েক দিন এই দুর্যোগ অব্যাহত থাকতে পারে, যা প্রবল বাতাস, জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

​ঝুঁকি ও উপকূলীয় সতর্কতা

বন্যা ও জলোচ্ছ্বাসের মারাত্মক ঝুঁকি থাকায় সমুদ্রসৈকত ও প্লাবিত এলাকা থেকে বাসিন্দাদের দূরে থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সতর্ক করে বলেছেন, দুর্যোগের এই সময়ে পানির কাছাকাছি যাওয়া জীবনের সাথে জুয়া খেলার সামিল।

​তবে প্রশাসনের এমন সতর্কতার পরও নিউ ইয়র্কের লং আইল্যান্ড ও নিউ হ্যাম্পশায়ারের প্লাবিত রাস্তায় মানুষকে কায়াক চালাতে ও বড় ঢেউ উপভোগ করতে দেখা গেছে। অন্যদিকে মেরিল্যান্ডের ওশান সিটির বাসিন্দা জে বয়েড জানান, শহরের খালগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে মানুষের ঘরবাড়ির পেছনে প্রাঙ্গণে ঢুকে পড়ছে।

​ঝড়ের তাণ্ডবের কারণে বিভিন্ন কনসার্ট ও ক্রীড়া আয়োজন বাতিল করা হয়েছে। এর মধ্যে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নির্ধারিত জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের শুক্রবার ও শনিবারের কনসার্ট দুটিও স্থগিত করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0