এথেন্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধস: ৪ মার্কিন পর্যটকসহ নিহত অন্তত ৬

২৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৫২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এথেন্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধস: ৪ মার্কিন পর্যটকসহ নিহত অন্তত ৬
ছবি সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক পর্যটন এলাকা প্লাকায় এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একটি দুই তলা ভবন ধসে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

​শনিবার দুর্ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা ছয়টি মরদেহ উদ্ধার করেন। নিহতদের কাছে পাওয়া নথিপত্র পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, তাদের মধ্যে চারজন মার্কিন নাগরিক—যাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। এছাড়া ভবনটির দ্বিতীয় তলায় বসবাসকারী এক বয়স্ক দম্পতিও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন; তাদের একজন ব্রিটিশ পুরুষ ও অন্যজন গ্রিক নারী। ফায়ার সার্ভিস জানায়, পার্শ্ববর্তী ভবনের আরও দুই নারী এই ঘটনায় আহত হয়েছেন।

​গ্যাস লিকেজের আশঙ্কা ও ব্যাপক ক্ষয়ক্ষতি

শুক্রবার ঘটে যাওয়া এই বিস্ফোরণের বিষয়ে এথেন্সের মেয়র হারিস দুকাস জানান, বড় ধরনের কোনো গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। এর প্রভাবে আশপাশের কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে সেগুলো খালি করে দেওয়া হয়। মেয়র আরও জানান, ক্ষতির মাত্রা পুরো সড়ক এবং পেছনের অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পাশের দুটি ভবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে।

​স্থানীয় দৈনিক 'কাঠিমেরিনি' এক প্রতিবেদনে জানায়, প্রাণ হারানো চার মার্কিন পর্যটকের শুক্রবার সকাল ১১টার দিকে হোটেল বা থাকার জায়গা ছেড়ে দেশে ফেরার ফ্লাইটে ওঠার কথা ছিল, কিন্তু তারা নির্ধারিত ফ্লাইটে পৌঁছাতে পারেননি।

​পূর্বে সতর্কতা ও কর্তৃপক্ষের অবহেলা

দুর্ঘটনার আগে থেকেই এলাকাটিতে গ্যাস লিক ও শর্ট সার্কিটের ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ জানিয়ে আসছিলেন। 'উই রিমেইন অ্যাকটিভ' নামে স্থানীয় একটি নাগরিক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, দুর্ঘটনাকবলিত ভবনের এক বাসিন্দা বেশ কয়েক সপ্তাহ ধরে গ্যাসের তীব্র গন্ধ পাচ্ছিলেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন। এর আগে এক বছর আগেই পৌর কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ ও গ্যাস নেটওয়ার্কের ব্যবস্থাপকদের জরুরি নিরাপত্তা মহড়ার দাবি জানানো হয়েছিল।

​এথেন্সের স্থানীয় পুলিশ মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে নিশ্চিত করেছেন যে, এলাকাবাসী পূর্বেই এমন সতর্কবার্তা দিয়েছিল। তবে ঠিক কী ধরনের পদার্থ বা গ্যাস থেকে এই বিস্ফোরণের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0