ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে পুলিশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীর কিছু সদস্য এখনো অপশক্তি বা ফ্যাসিবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং তাদের তথ্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শৃঙ্খলভঙ্গ বা রাষ্ট্রবিরোধী এমন কার্যক্রমে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, বাহিনীতে পুরস্কার ও শাস্তির নীতি বজায় থাকবে। যারা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন তাদের পুরস্কৃত করা হবে। পক্ষান্তরে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা কোনো অপরাধে যুক্ত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনেও বিচার করা হবে।
অতীতের রাজনৈতিক ব্যবহার ও অপপ্রয়োগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে অনেক পুলিশ সদস্যকে অন্যায় নির্দেশ পালনে বাধ্য করা হয়েছিল। তবে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের পূর্ণ সুযোগ রয়েছে। জনগণ এখন ‘জনগণের পুলিশ’ দেখতে চায়। ফলে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যা সমাজের কাছে অগণতান্ত্রিক বা অস্বাভাবিক মনে হয়।
তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২০২৪ সালের আন্দোলন-পরবর্তী সময়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর আগেই পুলিশ বাহিনীকে এই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান করার সময়সীমা বেঁধে দেন তিনি।
আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী সপ্তাহেই আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে। সদর দপ্তরের পাশাপাশি মেট্রোপলিটন, জেলা ও বিভাগীয় পর্যায়ে এর শাখা বিস্তৃত থাকবে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সরঞ্জাম ও ফরেনসিক ল্যাব সুবিধা বাড়ানো হবে।
বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ স্বাধীন ও আইন অনুযায়ী কাজ করার সুযোগ দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। তাই দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অস্থিতিশীলতা রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার তাগিদ দেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











