বিসিএসএ’র বিশেষ সম্মাননায় ভূষিত স্পিনার তাইজুল ইসলাম
বাংলাদেশ টেস্ট দলের অন্যতম প্রধান বোলিং স্তম্ভ ও সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে দেশের ক্রীড়া সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।
শুক্রবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অভিজ্ঞ স্পিনারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিসিএসএ-র পক্ষ থেকে তাকে সংগঠনের অফিশিয়াল জার্সি ও ক্যাপ উপহার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিসিএসএ-র শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম কামরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহসান খান, সহ-সভাপতি আলতামিশ নাবিল ও মেহেদী জামান সনেট, কোষাধ্যক্ষ রাফসানজানি রানা এবং কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান শাওন ও অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম।
সমর্থকদের প্রতি তাইজুলের কৃতজ্ঞতা
গ্যালারির সমর্থকদের ধারাবাহিক ভালোবাসায় উচ্ছ্বসিত ও আবেগপ্লুত প্রতিক্রিয়া জানান তাইজুল ইসলাম। বিসিএসএ-র উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দেশ কিংবা বিদেশের যেকোনো মাঠেই খেলা হোক না কেন, সমর্থকদের উপস্থিতি ক্রিকেটারদের অনুপ্রাণিত করে। মাঠে সমর্থকদের সমর্থন না থাকলে খেলোয়াড়দের পারফরম্যান্স পূর্ণতা পায় না উল্লেখ করে তিনি ভক্তদের এই ভালোবাসা অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিসংখ্যানে তাইজুলের সাফল্য
জাতীয় দলের হয়ে ৬২টি টেস্টের ১১০টি ইনিংসে ২৭২টি উইকেট শিকার করে বর্তমানে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল বোলার তাইজুল। গত বছরের নভেম্বরে সতীর্থ অলরাউন্ডার সাকিব আল হাসানকে (২৪৬ উইকেট) ছাড়িয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৯ বার ইনিংসে ৫ উইকেট এবং ২ বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
২০১৪ সালে টেস্ট অভিষেকের পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলে নিয়মিত খেলছেন এই স্পিনার। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ ম্যাচে ১টি ও ওয়ানডেতে ২০ ম্যাচে ৩১টি উইকেট রয়েছে তার দখলে। ঘরোয়া ক্রিকেটেও তার পরিসংখ্যান সমৃদ্ধ—প্রথম শ্রেণিতে ৫৩৭টি, লিস্ট 'এ' ক্রিকেটে ২১৪টি এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৩টি উইকেট রয়েছে তার নামের পাশে।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলকে সংগঠিতভাবে সমর্থন জোগাতে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় বিসিএসএ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত অলাভজনক এই সংগঠনটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও জাতীয় দলকে ধারাবাহিকভাবে উৎসাহ জুগিয়ে আসছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











