জাসদ কার্যালয়ে অভিযান: সাবেক ডিইউজে সভাপতি সূর্যসহ আটক ৫০
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখান থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ চলছিল—এমন সংবাদের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের জন্য পল্টন মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে যুবদল ও বিপুল পুলিশ সদস্য
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এমন অভিযোগ তুলে কেন্দ্র ও স্থানীয় যুবদলের নেতাকর্মীরা ভবনটি ঘেরাও করে রাখেন। এর মধ্যে ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা। পরবর্তীতে খবর পেয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য সেখানে পৌঁছান। বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে আটক ব্যক্তিদের একে একে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যাওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, কার্যালয়ে বহিরাগতদের উপস্থিতি ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ অবস্থান নেয়। গোপন বৈঠকের সন্দেহে অপরাধ দমন ও গোয়েন্দা শাখা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযুক্ত ব্যক্তিদের থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিচয় নিশ্চিতের কাজ চলমান রয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের দাবি সাংবাদিক সূর্যের
আটক হওয়ার পর সাবেক ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাতকড়া পরিহিত একটি ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, জাসদের একটি প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনকালে তাকেসহ অনেকের হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ থানায় নিয়ে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











