জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৭ সেপ্টেম্বর ২০২৬ - ১১:৫১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান ও নিউ ইয়র্ক সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড় ৮টার দিকে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

​প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু নিশ্চিত করেছেন যে, নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা যাত্রাবিরতির পর রোববার সকালে বিমানটি ঢাকায় পৌঁছায়।

​এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নিউ ইয়র্ক পৌঁছান সরকারপ্রধান। সফরসঙ্গী প্রতিনিধি দলে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।

​জিয়া পরিবারের ঐতিহাসিক ধারা

প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তারেক রহমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। বৃহস্পতিবার ৮১তম সাধারণ অধিবেশনে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নিজের প্রথম ভাষণ প্রদান করেন তিনি। এর আগে তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে এবং তাঁর মা বেগম খালেদা জিয়া ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট পাঁচবার অধিবেশনে ভাষণ দেন।

​আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক আলোচনা

সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজ এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী। এর পাশাপাশি রোহিঙ্গা সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমানোসংক্রান্ত একাধিক উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন তিনি। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর গত জুনে মালয়েশিয়া ও চীন সফরের পর এটি ছিল তাঁর তৃতীয় বিদেশ সফর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0