আইন লঙ্ঘন ও বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে: মাহদী আমিন
রাজধানীর বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা আইন লঙ্ঘনের যেকোনো অপচেষ্টা সরকার অত্যন্ত কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সম্প্রতি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ একাধিক স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার (২৭ সেপ্টেম্বর) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মাহদী আমিন। গত দুই দিনে রাজধানীতে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরকারের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
মিরপুর-১ নম্বরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা জানান, ঘটনার পর পরই দ্রুততম সময়ের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে বর্তমান সরকারের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স।
মাহদী আমিন আরও বলেন, কোনো ব্যক্তি যদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করেও অপরাধে জড়ায়, তাহলেও তাকে ছাড় দেওয়া হবে না। আইন তার নিজ গতিতেই চলবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অত্যন্ত সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিপূর্বেও বিচ্ছিন্ন যেকোনো ঘটনার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে আইনের শাসন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের দুষ্কৃতকারীকে দমনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











