ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সুষ্ঠু ভোটের আশ্বাস সিইসির, থাকছে রিয়েল টাইম মনিটরিং
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রোববার (২৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি বদ্ধপরিকর।
তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে থাকবেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন আরও উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও তা পরিচালনা করা হবে। তিনি বলেন, "নির্বাচনি মাঠের বর্তমান পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, আমরা নিশ্চয়তা দিচ্ছি এই উপনির্বাচনের ক্ষেত্রেও ইনশাআল্লাহ একই ধরনের প্রশংসা মিলবে। এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।"
কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, রিয়েল টাইম মনিটরিংয়ের মাধ্যমে নির্বাচনের দিন মাঠপর্যায়ের সার্বিক ও চলমান পরিস্থিতি কমিশন সরাসরি পর্যবেক্ষণ করবে, যাতে যেকোনো পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করা যায।
এর আগে দুপুরে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় কমিশনের অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে সিইসি জানান, ভোটগ্রহণ চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হবে।
নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল আজ রোববার (২৭ সেপ্টেম্বর)।
পরবর্তী সময়সূচি অনুযায়ী:মনোনয়নপত্র বাছাই: ২৯ সেপ্টেম্বর।
আপিল দায়ের: ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত (৫ দিন)।
আপিল নিষ্পত্তি: ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহার: ৭ অক্টোবর।
প্রতীক বরাদ্দ: ৮ অক্টোবর।
ভোটগ্রহণ: ২৯ অক্টোবর (বৃহস্পতিবার), সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে একটানা ভোট গ্রহণ চলবে।
এই নির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
ইসি জানিয়েছে, দেশের অভ্যন্তরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটারদের জন্য পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন আজ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। আগ্রহী ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম আগেই ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিজয়ী সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে আসনটি শূন্য ঘোষিত হয় এবং নির্বাচন কমিশন এখানে উপনির্বাচনের আয়োজন করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











