এশিয়ান গেমস ক্রিকেট: টুর্নামেন্ট শুরুর আগেই দেশে ফিরছেন নাজমুল হোসেন শান্ত
এশিয়ান গেমস ক্রিকেট মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা এসেছে। মারাত্মক শারীরিক অসুস্থতার কারণে ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হচ্ছে দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর সংক্ষিপ্ত সংস্করণের জাতীয় টিমে ফের সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। তবে খেলা শুরু করার আগেই তার এমন ছিটকে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটি বড় দুঃসংবাদ।
দল সূত্রে জানা গেছে, জাতীয় দলের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট ও স্থানীয় মেডিকেল দলের সার্বিক শারীরিক মূল্যায়নের পর শান্তর টুর্নামেন্টে খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে। শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে যত দ্রুত সম্ভব দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম উপলভ্য ফ্লাইতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
পুরো বিষয়টি সম্পর্কে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রতিনিধি এবং বাংলাদেশ কনটিনজেন্টের সিডিএম মেজর (অব.) ইমরোজ আহমেদ জানান, শান্ত প্রচণ্ড জ্বরে আক্রান্ত এবং সেই সঙ্গে তাঁর বমি হচ্ছে। বর্তমান শারীরিক অবস্থায় তাঁর পক্ষে মাঠে নামা অসম্ভব হওয়ায় অবিলম্বে তাকে দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি তিনি শান্তর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতাজনিত কারণে আজ বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন সেশনেও যোগ দিতে পারেননি শান্ত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











