নেপালে দুর্যোগপূর্ণ আবহাওয়া: বাংলাদেশি পর্যটকদের ভ্রমণের বিশেষ সতর্কতা দূতাবাসের
নেপালে চলমান প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের কারণে পর্যটন এলাকাগুলোতে বাংলাদেশি নাগরিকদের চলাচলে বিশেষ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতি বিবেচনায় অস্থিতিশীল আবহাওয়া ও দুর্গম পার্বত্য অঞ্চলগুলোতে ভ্রমণ থেকে আপাতত বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ অঞ্চল ও ট্র্যাকিং স্থগিত
দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে মানাং, চামে, পিসাং ও এর আশপাশের এলাকাগুলোতে অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তুষারপাত ও ধারাবাহিক বৃষ্টির ফলে বহু সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ ও ভূপ্রাকৃতিক দুর্গমতার কারণে অনেক স্থানে উদ্ধারকাজ চালানোও দুরূহ হয়ে পড়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় নেপাল কর্তৃপক্ষ মানাং অঞ্চলের কয়েকটি জনপ্রিয় ট্র্যাকিং রুটে পর্যটক চলাচল স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা এবং ভীমথাং।
বিকল্প নির্দেশনা ও সতর্কতা
একই সঙ্গে পোখারা, মুস্তাং, জমসমসহ গন্ধকী প্রদেশের পাহাড়ি সড়কগুলোতেও চলাচলে ঝুঁকি বাড়ার কথা জানানো হয়েছে। অতিবৃষ্টিতে হঠাৎ ধস নেমে যাতায়াত ব্যাহত হতে পারে বলে এসব অঞ্চলে যাওয়ার আগে হালনাগাদ রাস্তার খবর নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা, মানাসলু ও অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকায় পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা থাকলে নেপাল সরকারের সর্বশেষ বার্তা ও সতর্কতা অনুসরণের পরামর্শ দিয়েছে দূতাবাস।
ইতোমধ্যে যারা এসব এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং নদী তীরবর্তী বা পাহাড়ের ঢালু এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট ট্রাভেল অপারেটর এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











