এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়েরের প্রাথমিক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত সামরিক পদক্ষেপ এবং ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে অর্থায়নের অভিযোগে এই আইনি ফাইল প্রস্তুত করা হচ্ছে বলে রবিবার ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহু ইসরায়েলের আন্তমন্ত্রণালয় কমিটি ও আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে মামলার খসড়া তৈরির তাগিদ দেন। এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হবে বলে জানান এরদোয়ান। মূলত এরপর থেকে দুই দেশের সম্পর্কের চলমান টানাপোড়েনের জের ধরেই ইসরায়েল পাল্টা এ উদ্যোগ নিয়েছে।
আইনি সীমাবদ্ধতা ও কৌশলগত লক্ষ্য
ইসরায়েল নিজের পক্ষে কিংবা তৃতীয় কোনো রাষ্ট্রের সহায়তায় আইসিসিতে এই অভিযোগ পেশ করার পরিকল্পনা করছে। তবে দুই দেশের জন্যই এখানে বড় আইনি জটিলতা বিদ্যমান। ইসরায়েল ও তুরস্ক—কোনো দেশই রোম সংবিধিতে অনুস্বাক্ষর করেনি। সে কারণে আইসিসির সরাসরি এই বিচারিক প্রক্রিয়া পরিচালনার কোনো এখতিয়ার নেই।
সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল মূলত সরাসরি আইনি লড়াই চালিয়ে যাওয়ার চেয়ে একে এরদোয়ানের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে। মামলা তৈরির এ প্রক্রিয়াকে তুর্কি প্রেসিডেন্টকে ইসরায়েলবিরোধী অবস্থান থেকে নিরুৎসাহিত করার একটি উপায় হিসেবে ব্যবহার করতে চায় টেল আবিব।
এদিকে প্রকাশিত সংবাদের বিষয়ে নেতানিয়াহুর দপ্তর কোনো মন্তব্য করেনি। একইভাবে ইসরায়েলি বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











