দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস ও ৪১৩ রানে হার

২৬ আগস্ট ২০২৬ - ১৮:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস ও ৪১৩ রানে হার
ছবি সংগৃহীত

প্রিটোরিয়ায় তিন দিনেই বিধ্বস্ত বাংলাদেশ 'এ'

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম আনঅফিসিয়াল টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রিটোরিয়ার টাকস ওভালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা 'এ' দলের কাছে ইনিংস ও ৪১৩ রানের ব্যবধানে পরাস্ত হয়েছে সফরকারীরা। স্বাগতিকদের সংগৃহীত ৬৪৭ রানের জবাবে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ 'এ' দল করতে পেরেছে মাত্র ২৩৪ রান।

​ব্যর্থতার বৃত্তে অভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ

প্রথম ইনিংসে ১২২ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের চরম ব্যর্থতা দেখা যায়। ৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১১২ রানেই অলআউট হয় বাংলাদেশ। টেস্ট দলের অভিজ্ঞ একাধিক সদস্য একাদশে থাকলেও প্রোটিয়া পেসারদের তোপের মুখে কেউ থিতু হতে পারেননি। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। এছাড়া এনামুল হক ১৫ ও অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ১৮ রান করেন। স্বাগতিকদের পক্ষে কোডি ইউসুফ, শেপো মোরেকি ও ডেলানো পটগিটার ৩টি করে উইকেট নেন।

​রেকর্ড বইয়ে লজ্জার ইতিহাস

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি বাংলাদেশের যেকোনো দলের জন্য যৌথভাবে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড। এর আগে ২০১৪-১৫ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে মিরপুরে ঢাকা বিভাগ ইনিংস ও ৪১৩ রানে হারিয়েছিল বরিশাল বিভাগকে। ম্যাচের প্রথম ইনিংসে প্রোটিয়া ব্যাটার মার্কেস আকারম্যানের ২৫৬ এবং উইকেটরক্ষক সানেথেম্বা কেশিলের অনবদ্য দ্বিশতকে ৬ উইকেটে ৬৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি আগামী রোববার পচেফস্ট্রুমে শুরু হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0