বাফুফের বরখাস্তের খবর ভিত্তিহীন বলে দাবি অনূর্ধ্ব-২০ কোচ জেরার্ড জোন্সের

২৫ আগস্ট ২০২৬ - ১৭:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাফুফের বরখাস্তের খবর ভিত্তিহীন বলে দাবি অনূর্ধ্ব-২০ কোচ জেরার্ড জোন্সের
ছবি সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তাকে বরখাস্ত করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন এই ব্রিটিশ কোচ।

​এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের খেলায় অংশ নিতে বুধবার উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ ফুটবল দলের। গুরুত্বপূর্ণ এই সফরের ঠিক একদিন আগে বাফুফের একাধিক সূত্র জোন্সকে পদচ্যুত করার বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনও ‘অনিবার্য কারণ’ দর্শিয়ে বাতিল ঘোষণা করে বাফুফে।

​তবে চাকরি হারানোর তথ্য ছড়িয়ে পড়ার পর এক বার্তায় জেরার্ড জোন্স জানান, বাফুফে থেকে তাকে বরখাস্ত করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা তথ্য দেওয়া হয়নি। তার দাবি, এ খবরের কোনো সত্যতা নেই এবং একটি পক্ষ অন্যায়ভাবে ভুল তথ্য ছড়িয়ে দলের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের কোনো এক সময়ে হয়তো ঘটনাটি মনে করে তিনি হাসবেন।

​এর আগে ঢাকার টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে জোন্সের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ ডাকেন জোন্স। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি কর্মক্ষেত্রে শারীরিক আঘাতের শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন। বাফুফেকে ছবি পাঠিয়েও কোনো সহমর্মিতা না পাওয়ার দাবি করেছিলেন এই ইংলিশ কোচ।

​চলতি বছরের গত জুনে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ যুব দলের দায়িত্ব পেয়েছিলেন জেরার্ড জোন্স। আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও চাইনিজ তাইপে। মাঠের লড়াই শুরুর আগমুহূর্তে বাফুফে ও প্রধান কোচের মুখোমুখি অবস্থান অনূর্ধ্ব-২০ দলের পুরো সফরকেই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0