যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

২৬ আগস্ট ২০২৬ - ০৭:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ছবি: সংগৃহীত

আজ বুধবার রাজধানীসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি বিশ্ব মুসলিমের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

​ইসলামী ইতিহাস অনুযায়ী, ৫ ৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল মক্কার সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। তৎকালীন আরব সমাজের অজ্ঞতা, পাপাচার ও কুসংস্কারের অন্ধকারে তিনি সত্য ও শান্তির আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হন। শৈশব থেকেই সততা ও সত্যবাদিতার জন্য তিনি ‘আল-আমিন’ উপাধিতে ভূষিত হন। ৪০ বছর বয়সে নবুয়ত লাভের পর দীর্ঘ ২৩ বছর সত্যের দাওয়াত দিয়ে মদিনায় একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি। ৬৩ বছর বয়সে একই তারিখে তিনি ইহলোক ত্যাগ করেন।

​এই পুণ্য তিথিতে ধর্মপ্রাণ মুসলমানেরা নফল নামাজ, রোজা, কোরআনখানি এবং মিলাদ-মাহফিলের আয়োজনের মাধ্যমে মহানবীর (সা.) প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছেন। দিনটি উপলক্ষে রাজধানীর প্রধান সড়কগুলো কালেমাখচিত ও জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে। আজ দেশে সরকারি ছুটি পালিত হচ্ছে, বন্ধ রয়েছে সংবাদপত্র প্রকাশও।

​ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তাঁরা দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মহানবীর (সা.) ভালোবাসা, সাম্য, শান্তি ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্য ও হিংসা-বিদ্বেষ পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

​এ দিনটি পালনে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গতকাল বাদ মাগরিব পক্ষকালব্যাপী আয়োজনের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। এ ছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারি সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন আলোচনা সভা, সিরাতুন্নবী (সা.) মাহফিল ও জশনে জুলুস শোভাযাত্রার আয়োজন করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 1
ভালোবাসা ভালোবাসা 1
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0