তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, এমআইএসটির বিশ্বজয়ী দলকে প্রধানমন্ত্রী
তরুণ উদ্ভাবকদের দেশের ভবিষ্যৎ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় তরুণদের পাশে থাকবে।
রবিবার (২ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবটিক প্রতিযোগিতা 'মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬'-এ বিশ্বচ্যাম্পিয়ন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা জানান, আন্তর্জাতিক অঙ্গনে অনন্য সাফল্য অর্জন করায় বিজয়ী ‘মিস্ট ম্যাভিরভ’ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাদের ভবিষ্যৎ গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। তারেক রহমান রোবটটির নকশা ও কার্যকারিতার খোঁজখবর নেন এবং এর অধিকতর প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্যিকীকরণে সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন।
শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে সরকারি কর্মসূচির মাধ্যমে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
অর্থনীতিতে বহুমুখী রপ্তানির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতগুলোকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্প বিকাশে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি বিদেশে কর্মরত দেশীয় বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরবসহ ১৮টি দেশের ৮৮টি দলকে পেছনে ফেলে এমআইএসটির দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











