অপতথ্য মোকাবিলায় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

০২ আগস্ট ২০২৬ - ১৮:৩৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অপতথ্য মোকাবিলায় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর সেমিনারে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অতিথিবৃন্দ। ছবি:বাসস

বর্তমানে ভুল তথ্য (মিসইনফরমেশন) এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য (ডিসইনফরমেশন) ছড়ানোই গণমাধ্যমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, জনমত প্রভাবিত করার এই প্রবণতা রোধ করতে এবং ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্বের ভারসাম্য রক্ষায় সরকার একটি গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা হাতে নিয়েছে।

​আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ : তত্ত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, তথ্যের সহজলভ্যতার এই সময়ে পরিকল্পিতভাবে সত্য বিকৃত করা হচ্ছে। এ অবস্থায় পেশাগত দক্ষতা বাড়িয়ে তথ্য যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। তিনি মনে করেন, সত্য অনুসন্ধানে কোনো পূর্বনির্ধারিত লক্ষ্য থাকলে গণমাধ্যমের নিরপেক্ষতা হারিয়ে যায়। স্বাধীন ও দায়বদ্ধ সংবাদমাধ্যম ছাড়া শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব উল্লেখ করে তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অর্থনৈতিক মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন।

​বাকস্বাধীনতা নিয়ে আয়োজিত সেমিনারের প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী উল্লেখ করেন যে, বাকস্বাধীনতার সীমানা নির্ধারণ একটি স্পর্শকাতর বিষয়, কারণ সবার আদর্শিক অবস্থান এক নয়। তবে স্বাধীনতার সাথে দায়িত্ববোধের সমন্বয় ঘটাতেই সকল অংশীজনের মতামত নিয়ে একটি অংশীদারিত্বমূলক গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

​এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসের স্মৃতির কথা স্মরণ করে গভীর নস্টালজিয়া প্রকাশ করেন মন্ত্রী।

​গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক রুবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0