২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপি

০১ আগস্ট ২০২৬ - ২৩:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ও দেশের সমসাময়িক নানা রাজনৈতিক বিষয়ের ওপর ভিত্তি করে সার্বিক করণীয় নির্ধারণে জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত ও দায়িত্ব দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।

​শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই নীতিনির্ধারণী বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ আলোচনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হওয়া পদে উপযুক্ত প্রার্থী মনোনয়ন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের গতি ত্বরান্বিত করা, স্থানীয় সরকার নির্বাচন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পায়।

​বৈঠক শেষে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চয়ন ও চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছে।

​একই বিষয়ে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীর বিষয়টি চূড়ান্ত হবে। এছাড়া একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভোটগ্রহণ হবে।

​বৈঠকে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফর এবং সার্বিক দলীয় শৃঙ্খলা সুদৃঢ় করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। জাতীয় সংসদের আসন্ন সেপ্টেম্বর সেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

​বৈঠকে স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেডএম জাহিদ হোসেন ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0