বাণিজ্য সহজীকরণে দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের ব্যবসা-বাণিজ্য আরও সহজ করা এবং আমদানি-রফতানি প্রক্রিয়াকে গতিশীল করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দেশের সব বন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা বাণিজ্যিক সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্তের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ব্রিফিংয়ে মাহদী আমিন জানান, বৈঠকে বেসরকারি খাতের ব্যবসায়ীদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরসহ প্রধান বন্দরগুলোতে ২৪ ঘণ্টা বাণিজ্য কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রধানমন্ত্রী প্রস্তাবটি শোনামাত্রই তা বাস্তবায়নের তাৎক্ষণিক নির্দেশ দেন। সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তর যৌথভাবে উদ্যোগ নিয়ে প্রতিটি বন্দরে এই ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করবে, যা দেশের সামগ্রিক আমদানি-রফতানি বাণিজ্যকে আরও দ্রুত ও সহজ করবে।
দীর্ঘ এই বৈঠকে দেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতি, বেসরকারি খাতের বর্তমান চ্যালেঞ্জ এবং বিদ্যমান নানা সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বাড়ানোর কৌশল এবং প্রশাসনিক জটিলতা দূর করার বিষয়েও বৈঠকে কথা হয়েছে। উপস্থিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা এ নিয়ে নিজ নিজ মতামত প্রকাশ করেন।
সরকারের ব্যবসায়ীবান্ধব নীতির কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, বর্তমান সরকার এমন একটি রাষ্ট্রব্যবস্থা গঠনে কাজ করছে যেখানে বেসরকারি খাত সার্বিক নীতিগত সহায়তা পাবে। সম্প্রতি ঘোষিত ব্যবসায়ীবান্ধব বাজেটের বিভিন্ন নীতি বাস্তবায়নের মূল লক্ষ্যই হলো দেশের তরুণ ও নারী গোষ্ঠীর কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
তিনি প্রধানমন্ত্রীর মূল নীতি উল্লেখ করে বলেন, “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই দর্শনকে সামনে রেখেই দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আসা নীতিগত প্রস্তাবগুলোর দ্রুত সমাধান আসায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











