শিশুদের সুস্থ বৃদ্ধিতে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
শিশুর সার্বিক বিকাশ ও শারীরিক সক্ষমতা নিশ্চিত করতে মায়ের দুধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, নবজাতকের জন্মের পর প্রথম চার থেকে পাঁচ মাস স্বাভাবিক বৃদ্ধির মূল ভিত্তিই হলো মাতৃদুগ্ধ। বিশেষ করে প্রসবের পর পরই শিশুকে প্রোটিনসমৃদ্ধ শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি।
শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 'বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—'জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগমান'।
স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে অস্ত্রোপচারের (সিজারিয়ান) প্রবণতা বৃদ্ধি এবং পর্যাপ্ত সচেতনতার অভাবে অনেক নবজাতক প্রয়োজনীয় মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে। মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পূর্বের স্থবিরতার সমালোচনা করে তিনি নির্দেশ দেন, এখন থেকে এক বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে প্রতি মাসে অন্তত একটি জেলায় সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা কর্মকর্তাদের সমন্বয়ে এই উদ্যোগ জোরদার করার তাগিদ দেন তিনি।
বিজ্ঞাপন ও বাজারে চলতি গুঁড়ো দুধের প্রতি নির্ভরতা কমানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, দেশে বিকল্প শিশুখাদ্য নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ জরুরি। শিশুদের ছয় মাস বয়সের পর থেকে চালের খুদ, ডাল, আলু ও শাকসবজি দিয়ে তৈরি খিচুড়ি জাতীয় সুষম ও ঘরের খাবার দেওয়ার পরামর্শ দেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন পুষ্টিহীনতা ও হামে আক্রান্ত শিশুদের প্রসঙ্গে টেনে মন্ত্রী উল্লেখ করেন, অপুষ্টি ও অসচেতনতার কারণে অনেক মা সন্তানকে দুধ দেওয়া বন্ধ করে দেন, যা একেবারেই অনুচিত।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











