কৃষি ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

০১ আগস্ট ২০২৬ - ১৪:৫০
প্রকাশিত: ২ মাস আগে
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কৃষি ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। ছবি:সংগৃহীত

বাংলাদেশে কৃষি, ওয়্যারহাউজিং, খাদ্যশস্য ও তথ্যপ্রযুক্তিসহ উদীয়মান খাতগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব খাতে বিনিয়োগের মাধ্যমে দেশীয় বাজারে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

​শনিবার (১ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সাক্ষাৎকার শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

​বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বিশেষ দূত সার্জিও গর উল্লেখ করেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরে আসছে। এর প্রত্যক্ষ ফল হিসেবে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য তাদের ভ্রমণ নির্দেশিকা (ট্রাভেল অ্যাডভাইজরি) ইতিবাচকভাবে সংশোধন করেছে। এই পরিবর্তন মার্কিন বিনিয়োগকারীদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে যে, বাংলাদেশ এখন শিল্প ও ব্যবসার জন্য পুরোপুরি প্রস্তুত।

​আলোচনায় দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের নানা দিক উঠে আসে। আগামী মাসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করবে বলে জানা গেছে। পাশাপাশি ঢাকার মার্কিন উদ্যোক্তারা দ্রুতই একটি 'ইউএস ইনভেস্টর সামিট' আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন, যা বাস্তবায়নে বিশেষ দূত নিজে কাজ করছেন বলে নিশ্চিত করেন।

​শাহাদাৎ স্বাধীন আরও জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে এফডিএ-এর পরীক্ষাকার্যক্রম পুনঃসূচনার বিষয়ে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন বিশেষ দূত। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের (ডিএফসি) তহবিল বাংলাদেশে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

​তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এর জবাবে সার্জিও গর জানান, বাংলাদেশ ভবিষ্যতে টেকসই প্রযুক্তিগত উদ্যোগ 'প্যাক্স সিলিকা'র অংশীদার হওয়ার বড় সম্ভাবনা রাখে এবং এ বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

​বৈঠকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেন মার্কিন বিশেষ দূত। লাখ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় ও মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য তিনি বাংলাদেশ সরকার ও এ দেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিপরীতে রোহিঙ্গা মানবিক সহায়তায় অর্ধেকেরও বেশি অনুদান দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই ও রাজনৈতিক সমাধানের জন্য আসিয়ানের সদস্য দেশসহ আন্তর্জাতিক মহলকে একযোগে কাজ করার আহ্বান জানান মার্কিন বিশেষ দূত।

​উচ্চপর্যায়ের এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0