ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৩১ জুলাই ২০২৬ - ০০:৫৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ড. সাদেকা হালিম, ড. শফিকুল ইসলাম ও ড. আফরোজা শেলী। ছবি:সংগৃহীত

শ্রেণিকক্ষ ও বাইরে অশিক্ষকসুলভ আচরণ এবং নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষক এবং এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চারজন অধ্যাপককে সকল ধরনের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্তের অনুমোদনের কথা বৃহস্পতিবার (৩০ জুলাই) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়।

​সাময়িক বরখাস্ত হওয়া অপর দুই শিক্ষক হলেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আফরোজা শেলী। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের দাখিল করা অভিযোগ ও তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, অফিস শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার কারণে প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) একেএম মাহবুব মুস্তাফা পিইঞ্জকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

​অন্যদের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থি কার্যক্রম, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান ও প্রশাসনবিরোধী অপপ্রচারের অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মুহিতকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতিসহ সব ধরনের অ্যাকাডেমিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। একই ধরণের অভিযোগে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকেও (রফিক শাহরিয়ার) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​এছাড়া, বিভাগে অনিয়ম ও গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

​উক্ত সভায় ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাইয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠিত হয়েছে। একই সময়ে ‘হেকেপ’ প্রকল্পের অর্থ ব্যবহার পর্যালোচনায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে প্রধান করে আরেকটি কমিটি করা হয়।

​সভায় শহীদদের স্মরণে ঢাবির মলচত্বরে 'জুলাই স্মৃতিস্তম্ভ' নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে আগামী ৫ আগস্ট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0