যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ২৩ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ২৩ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় 'ওমনি এয়ার'-এর একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (OAE2323) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ফেরত আসা অভিবাসীদের জরুরি পরামর্শ, খাবার ও নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যাতায়াত সহায়তা প্রদান করে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের দেওয়া তথ্যানুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে সর্বোচ্চ ১৩ জনই নোয়াখালী জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের ৩ জন এবং বাকিরা ঢাকা, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ ও কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে দেশে ফেরা
ফেরত আসাদের প্রাথমিক সাক্ষাৎকারের ভিত্তিতে ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, অধিকাংশ অভিবাসীই দক্ষিণ ও মধ্য আমেরিকার দীর্ঘ ও বিপজ্জনক পথ অতিক্রম করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এই ঝুঁকিপূর্ণ যাত্রায় তাদের জনপ্রতি খরচ হয়েছে প্রায় ৫০ থেকে ৬৫ লাখ টাকা। বিপুল অর্থ ব্যয় করেও মার্কিন অভিবাসন সংক্রান্ত আইনি জটিলতায় শেষ পর্যন্ত তাদের খালি হাতে দেশে ফিরতে হলো।
প্রাথমিক তথ্যে জানা যায়, ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২০ জন ব্রাজিল থেকে বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস ও গুয়াতেমালা হয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। দীর্ঘ এই যাত্রায় তাদের ১৩ থেকে ১৫টি দেশ বাস ও হেঁটে পার হতে হয়েছে। এছাড়া একজন দক্ষিণ আফ্রিকা হয়ে এবং অপর একজন নিউইয়র্ক রুট দিয়ে মার্কিন মুলুকে প্রবেশ করেছিলেন।
দালালচক্র ও আইনি জটিলতা
তথ্য অনুযায়ী, ব্রাজিল রুট ব্যবহারকারীদের অনেকেই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে অথবা ট্যুরিস্ট ভিসায় ব্রাজিলে গিয়ে পরবর্তীতে দালালচক্রের খপ্পরে পড়েন। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অনেকে কাজ পেলেও বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় অভিবাসন কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন। পরবর্তীতে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE) প্রশাসনিক প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠায়।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হয়েছে। ব্র্যাকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ৩৬৯ জন বাংলাদেশিকে একইভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে। অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ পথে প্রবাসে না গিয়ে আইনসম্মত উপায়ে অভিবাসনের আহ্বান জানিয়েছে ব্র্যাক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











