জুলাই আন্দোলনের কৃতিত্ব জামায়াত কখনো দাবি করেনি: ডা. শফিকুর রহমান
বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই নিজের বলে দাবি করেনি বলে পরিষ্কার জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সাথে গণআন্দোলনের তথাকথিত ‘মাস্টারমাইন্ড’ হিসেবেও দলটির কোনো নেতাকে কখনো তুলে ধরা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের স্মরণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জামায়াতে ইসলামীর কতজন নেতাকর্মী প্রাণ দিয়েছেন বা শহীদ হয়েছেন, তা নিয়েও দলটি কখনো কোনো বড়াই করেনি। কার কী ভূমিকা ছিল, দেশের জনগণই তার প্রকৃত সাক্ষী বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের পেছনের ইতিহাস তুলে ধরে জামায়াত আমির দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের একদম প্রথম থেকেই জামায়াত আনুষ্ঠানিকভাবে তাদের পাশে অবস্থান নিয়েছিল। দেশের যেকোনো রাজপথের প্রয়োজনে দলটি সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেছে। এমনকি মারাত্মক আহত হওয়ার পরও আন্দোলনকারীরা যেভাবে পিছপা না হয়ে সংগ্রাম চালিয়ে গেছেন, সভায় তাদের সেই সাহসিকতার ভূয়সী প্রশংসা করা হয়।
বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই আন্দোলনের শহীদদের আকাক্সক্ষা পূরণে বর্তমান সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। শহীদ ও আহতদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষে কোটা সংস্কারের লড়াইয়ে নেমেছিল। কিন্তু বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের চেনা ছবি দেখা যাচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। বর্তমান সরকারও বৈষম্যমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পূর্বতন সরকারের পথেই হাঁটছে বলে তিনি দাবি করেন।
গণভোট ইস্যুতে দলটির অবস্থান পরিষ্কার করে ডা. শফিকুর রহমান জানান, গণভোটের বিষয়ে আপস করার জন্য জামায়াতকে বিভিন্ন ধরনের প্রস্তাব ও প্রলোভন দেওয়া হয়েছিল। তবে অন্যায়ের কাছে নতি স্বীকার না করে দল তা প্রত্যাখ্যান করেছে। জনরায়ের প্রতি সম্মান জানিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদ—উভয় মাধ্যমেই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
বক্তব্যের শেষভাগে তিনি অভিযোগ আনেন, সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ ও সাধারণ মানুষের অধিকারের কথা বলায় দেশের নানা জায়গায় জুলাই যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে হামলা-মামলা বা ভয়ভীতি দেখিয়ে আন্দোলনকারীদের ন্যায়সংগত দাবি আদায় থেকে বিচ্যুত করা যাবে না বলে হুঁশিয়ারি দেন ডা. শফিকুর রহমান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











