বিশ্বজুড়ে সংকটে বাঘ, অস্তিত্ব রক্ষায় গণসচেতনতা বাড়ানের তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
সুন্দরবনসহ বন্যপ্রাণী অভয়ারণ্যে বাঘের অস্তিত্ব বজায় রাখা এবং এ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মধ্যে বাঘ সংরক্ষণের মানসিকতা তৈরি করা এখন সময়ের দাবি।
আজ (২৯ জুলাই, ২০২৬) বিশ্ব বাঘ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জানান, শতবর্ষ আগে পৃথিবীতে প্রায় এক লাখ বাঘ থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র পাঁচ হাজারের কাছাকাছি। এই আশঙ্কাজনক পরিসংখ্যান স্পষ্ট করে দেয় যে প্রাণিজগতে বাঘ কতটা মারাত্মক হুমকির মুখে রয়েছে। সময়মতো সমন্বিত ও কার্যকর পদক্ষেপ না নিলে এই প্রজাতি আরও গভীর সংকটে পড়বে বলে সতর্ক করেন তিনি।
বাঘের বর্তমান পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সুন্দরবনে বর্তমানে প্রায় ১২৪টি বাঘ রয়েছে। পাশাপাশি জাতীয় চিড়িয়াখানায় রয়েছে প্রায় ১৫টি এবং দেশের অন্যান্য চিড়িয়াখানা মিলিয়ে আনুমানিক ৫০টি বাঘ রয়েছে। জাতীয় সম্পদ হিসেবে এই প্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাবে।
বন বিভাগের পরিচালিত বাঘ গণনার বাজেট ও স্বচ্ছতা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, বাঘ গণনার দায়িত্বটি বন বিভাগের আওতাধীন, যা সরাসরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে নয়। তবে বন বিভাগ নিজস্ব নিয়ম ও স্বচ্ছতা বজায় রেখে এ কার্যক্রম সম্পাদন করে থাকে।
অনুষ্ঠান শেষে জাতীয় চিড়িয়াখানার একটি স্যুভেনির শপ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহীনুর আলম, কিউরেটর ডা. মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











