বাংলাদেশ ও থাইল্যান্ডের সরাসরি সমুদ্রপথ চালুর উদ্যোগ, চট্টগ্রাম-রানং রুটে বাণিজ্যের নতুন সম্ভাবনা

১৪ অক্টোবর ২০২৬ - ১৬:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশ ও থাইল্যান্ডের সরাসরি সমুদ্রপথ চালুর উদ্যোগ, চট্টগ্রাম-রানং রুটে বাণিজ্যের নতুন সম্ভাবনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে এবার চট্টগ্রাম ও রানং বন্দরের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই রুটটি চালু হলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যা বঙ্গোপসাগরভিত্তিক আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

​বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এসব তথ্যাদি নিশ্চিত করেন।

​বৈঠকে থাই রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রাম এবং রানং বন্দরের সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপিত হলে তা বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক বাণিজ্য নেটওয়ার্কে একটি বড় পরিবর্তন আনবে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের পাশাপাশি উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ খুলে দেবে।

​উদ্যোগটিকে স্বাগত জানিয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সমুদ্রবন্দর ও নৌপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়িয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে সরকার কাজ করছে। তিনি আরও জানান, বন্ধুপ্রতীম দেশগুলোর অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে নৌপরিবহন খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী। এই সরাসরি সামুদ্রিক পথ চালুর বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

​উচ্চপর্যায়ের এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি বন্দর উন্নয়ন ও নৌ-যোগাযোগ বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। এতে নৌপরিবহন সচিব জাকারিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0