বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলানোর সক্ষমতা কমছে, জরুরি পদক্ষেপের আহ্বান আইএমএফের

১৪ অক্টোবর ২০২৬ - ১৭:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলানোর সক্ষমতা কমছে, জরুরি পদক্ষেপের আহ্বান আইএমএফের
ছবি: সংগৃহীত

বারবার আর্থিক বাধার সম্মুখীন হওয়ায় বৈশ্বিক অর্থনীতির সামলে ওঠার ক্ষমতা আগের চেয়ে হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের সরকারি অর্থব্যবস্থাকে পুনর্গঠন ও শক্তিশালী করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

​বুধবার ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইএমএফ প্রধান জানান, জ্বালানিসংকট ও সরকারি অর্থের ঘাটতি সামাল দিতে বিভিন্ন দেশের হাতে যে সুরক্ষাকবচ বা সক্ষমতা ছিল, তা দিন দিন সংকুচিত হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের কারণে ঋণের সুদ মেটানোর চাপও বহুগুণ বাড়ছে।

​আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৩ দশমিক ১ শতাংশে, যা গত এপ্রিলে দেওয়া পূর্বাভাসের সমান। তবে ২০২৫ সালে বিশ্ব প্রবৃদ্ধির এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ।

​ক্রিস্টালিনা জর্জিয়েভা উল্লেখ করেন, বর্তমানে আন্তর্জাতিক অর্থনীতিতে দুটি ভিন্নমুখী প্রভাব কাজ করছে। একপক্ষে, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। অপরপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-প্রযুক্তি সংক্রান্ত পণ্যের উচ্চ চাহিদা অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখছে।

​যেসব দেশ এআই প্রযুক্তির বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সাথে যুক্ত—যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর—তাদের অর্থনৈতিক ভিত্তি তুলনামূলক স্থিতিশীল। এছাড়া যেসব জ্বালানি রপ্তানিকারক দেশ সরাসরি যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, তাদের অবস্থানও বেশ শক্ত।

​তবে বিপরীতে চরম সংকটে পড়েছে স্বল্প আয়ের ও নাজুক অর্থনীতির দেশগুলো। বিশেষ করে যারা সরাসরি জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল এবং এআই প্রযুক্তির বিপ্লব থেকে লাভবান হতে পারছে না, তাদের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এ অবস্থায় যেকোনো আকস্মিক অর্থনৈতিক আঘাত মোকাবিলার জন্য সরকারি আর্থিক সক্ষমতা জোরদার করা অপরিহার্য বলে জোর দিয়েছেন আইএমএফ প্রধান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0